প্রকাশিত: Mon, Mar 25, 2024 6:37 AM
আপডেট: Sat, Jun 6, 2026 12:39 PM

ঢাকার রাতের আকাশ লাল হয়ে গিয়েছিলো

আফসান চৌধুরী: ২৫ মার্চ, ১৯৭১। বাংলাদেশের জন্য একটা খুবই উল্লেখযোগ্য সময় ছিলো। বড় দুঃসময় ছিলো। আলোচনায় সমাধানের পথ খোঁজা হচ্ছিলো। এর মধ্যে মানুষের মধ্যে দুঃচিন্তা বাড়ছিলো। কী হচ্ছে, কী হবেÑ একটা অস্থিরতার মধ্যে তাদের দিনগুলো কাটছিলো। বিভিন্ন রকম খবর আসছিলো। কেউ জানছিলো না, কী হবে। কী অপেক্ষা করছে বাংলাদেশের মানুষের ভাগ্যে।  

ওই সময় কেউ কেউ বলছিলোÑ একটা আক্রমণ হবে। সবার মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা। এখন যে জায়গায় সোনারগাঁও হোটেল, সেখানে আগে পালপাড়া নামে হিন্দু পাড়া ছিলো। পাল পাড়ার এখন কোনো অস্থিত্বই নেই। ২৫/২৬ মার্চ পাকিস্তানি আর্মিরা এসে আগুন ধরিয়ে দিয়েছিলো। গোলাগুলি শুরু হলো। ২৫ মার্চের ঢাকার রাতের আকাশটা লাল হয়ে গিয়েছিলো। ২৫ মার্চ যে এতো বড় আক্রমণ করতে পাকিস্তানি বাহিনী তা ভাবেনি মানুষ। যা ভাবেনি, তাই হয়েছিলো সেদিন। পাকিস্তানিরা আক্রমণ করলো। 

আমাদের ইতিহাসচর্চা উপরতলাকেন্দ্রিক। ক্ষমতাবলয়ের মানুষের ইতিহাস। প্রান্তিক জনগোষ্ঠী ইতিহাসে খুব একটা আসে না। তাই আমরা জানি না, জানতেও চাই না। কয়েক দশক ধরে আমি সেই প্রান্তিক মানুষের ইতিহাস নিয়েই কাজ করছি। মুক্তিযুদ্ধে প্রান্তিক মানুষ কীভাবে, কোথায়, কতোটা অংশগ্রহণ করেছিলো, কতোটা অবদান রেখেছে তা নিয়ে গবেষণা করছি। অনেকদিন ধরেই। পরিচিতি : শিক্ষক ও মুক্তিযুদ্ধ গবেষক